নিজস্ব প্রতিবেদক. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খাল খননের ফলে প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা হবে। কৃষকরা সেচ সুবিধাসহ অনেক উপকৃত হবে। আমরা যদি এইটা করতে পারি তাহলে তাহলে সাধারণ মানুষের কর্মসংস্থান হবে।বিশেষ করে দরিদ্র কৃষক তারা সবজিসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারবে। অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে এবং পরবর্তীতে দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের অনেকের হাতে এখনো ভোটের কালির দাগ রয়েছে। এরই মধ্যে আমরা বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতি ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’কর্মসূচির কাজ শুরু করেছি। জনগণের কল্যাণে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ”

তিনি আরও বলেন, বাগেরহাট জেলায় নয়টি উপজেলা যে খাল গুলো আছে সেগুলো পুনরুদ্ধার করার জন্য ইতিমধ্যে আমরা প্রশাসন কথা বলেছি। তারা সনাক্ত করছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে সকল খাল খনন করে একটি আলোকিত জনপদ গড়তে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এর সভাপতিত্বে অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রশিদ, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বীর মুক্তিযোদ্ধা নুরমোহাম্মদ, স্থানীয় উপকারভোগী মো. নাজমুল ইসলাম প্রমূখ।

ফকিরহাট উপজেলার সাতবাড়িয়ায় ৩ কিলোমিটার দৈর্ঘ্য ৪৫ ফুট চওড়া ও প্রায় ১০ ফুট গভীর করে খালের পুনঃখনন কাজ বিএডিসির মাধ্যমে সম্পন্ন করা হবে। এতে ওই এলাকার ৬৫০ হেক্টর জমি আবাদের আওতায় এসে ১ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবেন বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।