নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আমার দেশ পত্রিকার খুলনার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার মো. কামরুল হোসেন মনির উপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দুইজন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হন-তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। সাংবাদিকদের ওপর হামলা রোধ করতে না পারলে সংবাদমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারও সংকটের দিকে ধাবিত হবে। অবিলম্বে প্রশাসনের প্রতি এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। বিবৃতিতে দ্রুত সময়ের মধ্যে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।