নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের রামপালে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিপাদে সহকারী পুলিশ সুপার রুহুল আমিনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে রামপাল উপজেলার সন্নাসী বাজারে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, ক্ষতিগ্রস্থ ঔষধ ব্যবসায়ী হাফিজুল ইসলাম, আব্দুস সোবহান, হেনা বেগম, মিজান শেখ, সোহেলসহ আরও অনেকে।
ঔষধ ব্যবসায়ী হাফিজুল ইসলাম বলেন, বছর দুয়েক আগে সহকারী পুলিশ সুপার রুহল আমিনের বোন জামাই মিজান শেখের কাছ থেকে সন্নাসী বাজার এলাকায় ১০ শতক জমি বায়না রেজিষ্ট্রির মাধ্যমে ক্রয় করি। কিন্তু রুহুল আমিন সারদা থেকে প্রশিক্ষন শেষ করে বাড়ি এসে ওই ছেড়ে দেওয়ার জন্য আমাদের চাপ প্রয়োগ করেন। জমি ছেড়ে না দেওয়ায়, আমার নামে রামপাল থানায় হয়রানিমূলক মামলা দায়ের করে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে। এছাড়া আমার চাচা সোবহান হাওলাদারের ক্রয়কৃত সম্পত্তি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ধরণের হুমকিধামকী ও ভয়ভীতি প্রদর্শন করেন।
একই এলাকার সাইফুল ইসলাম নামের আরেক ব্যক্তির জমি দখলের চেষ্টার অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, হুমকি-ধামকী অব্যাহত রয়েছে। জমি না দিলে মামলা দিবে হয়রানি করা হবে এমন হুমকি দিয়ে আসছেন তিনি।
এছাড়া এলাকার সাধারণ মানুষদেরও একই ভাবে হয়রানি করা হচ্ছে। কথা না শুনলে হুমকি-ধামকী দেওয়া হচ্ছে।
বক্তারা আরও বলেন, এলাকার নিরহ মানুষদের হয়রানি করা কোনভাবে মেনে নেওয়া যায় না। নিরহ মানুষদের হয়রানির ঘটনায় ন্যায় বিচার দাবি করেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার রুহুল আমিন বলেন, এলাকার যে কেউ আমার কাছে সহযোগিতা চাইতে পারে। তবে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্য করতে এ ধরণের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।