নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবি সাবেক ছাত্রদল নেতা নিজাম উদ্দিন শান্ত‘র হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে বাগেরহাট জেলা জজ আদালতের সামনে মানববন্ধনে শতাধিক আইনীজিবি অংশগ্রহন করেন।
মানববন্ধনকারীরা বলেন, নিজাম উদ্দিন শান্ত একজন মেধাবী আইনজীবি ছিলেন। পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ড আইনজীবিদের নিরাপত্তার উপর হুমকি স্বরুপ। কিন্তু দুই দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি। অতিদ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন আইনজীবিরা।
বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড ওয়াহিদুজ্জামান দিপু বলেন, নিজাম উদ্দীন শান্ত‘র হত্যাকান্ডের প্রতিবাদে আইনজীবি ও স্থাণীয়রা ফুসে উঠেছে। আইনজীবিরা এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনজীবি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
আইনজীবি হিরক মিনা বলেন, নিজাম উদ্দিন শান্তকে হত্যার প্রতিবাদে আজকে আইজীবিরা আদালত মূলতবি করেছেন।দুই দিন পার হলেও, এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি। দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আইনজীবি শেখ সাজ্জাদ হোসাইন বলেন, আদালতের অন্যতম মেধাবী আইনজীবি ছিলেন নিজাম উদ্দিন শান্ত। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ড বাগেরহাটের মানুষকে ব্যথিত করেছে। হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন তিনি।
এদিকে শান্ত‘র হত্যাকারীরা গ্রেপ্তার হলে আসামীদের পক্ষে কোন আইনজীবিকে আদালতে আইনি সহায়তা না দেওয়ার জন্য বাগেরহাট আইনজীবি সমিতির সদস্যদের আহবান জানান বাগেরহাট জেলা জজ আদালতের সরকারি কৌসুলি বা রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবি মাহবুব মোরশেদ লালন।
তিনি বলেন, সকলকে অনুরোধ করছি শান্ত‘র হত্যাকারীদের পক্ষে কেউ আদালতে দাড়াবেন না। এ বিষয়ে আইনজীবি সমিতির সভায় আলোচনা করে লিখিত সিদ্ধান্ত সকলকে জানিয়ে দেওয়া হবে। নিহত শান্ত‘র পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই আইনজীবি। শুক্রবার (২৪) দিনগত গভীর রাতে সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় ছুরিকাঘাত করে আইনজীবি নিজাম উদ্দিন শান্তকে হত্যা করে দূর্বৃত্তরা। পরে শনিবার রাতে অজ্ঞাতনামা আসামী করে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন শান্ত‘র স্ত্রী স্বপ্না বেগম। নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার তোরাফ আলীর ছেলে। তার স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আরেফিন বলেন, অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা করেছে তার স্ত্রী। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন একজনকে সনাক্ত করা হয়েছে, গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এছাড়া অন্য কেউ হত্যার সাথে জড়িত রয়েছে কি না আর কি কারণে ঠিক হত্যাকান্ড হয়েছে সে বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।