নিজস্ব প্রতিবেদক. সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে সাত জন শিকারীকে আটক হয়েছেন। শনিবার (০২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকা থেকে এদের আটক করে স্মার্ট টিম-১ এর সদস্যরা।
এসময় ঘটনাস্থল থেকে বন বিভাগের পতাকাসহ দুটি ট্রলার, ১০০টি হরিণ শিকারের হাটা ফাঁদ, একটি মই জাল, একটি করাত, ২০টি কন্টেইনার, দুটি ড্রাম, একটি নোঙর, তিনটি ত্রিপল, দুটি পাতিল ও দুটি ককসিট জব্দ করা হয়।
আটক শিকারীরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার শগুনা গ্রামের তারাপদ পালের ছেলে মনোজ পাল (৪২), বাইনতলা গ্রামের আ. হামিদের ছেলে মুজিবুর রহমান (৫৬), চাঁনপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মুনাফ আলী মোল্লা (২২), একই গ্রামের খাদেম শেখের ছেলে মোজাম্মেল শেখ (৫২), বারইপাড়া গ্রামের কানা বাবুর ছেলে খান তামিম (২০), সত্তার মল্লিকের ছেলে ওহিদ মল্লিক (৩৬) ও মোংলা উপজেলার জয়মনি গ্রামের সুন্দর আলীর ছেলে আলী হোসেন (৪৫)।আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক রবিবার (২নভেম্বর) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, গভীর রাতে কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন একটি চক্র। স্মার্ট টিমের টিমের সদস্যরা অভিযান চালিয়ে সাত শিকারীকে বিভিন্ন সরঞ্জামসহ আটক করে।