নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ফ্রি ইন্টারনেট সেবা চালু করলেন সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় এ সেবার উদ্বোধন করেন সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্স। উদ্বোধনের মধ্য দিয়ে ওই এলাকার প্রায় ২০ মিটার ব্যাসার্ধের মানুষ এই ফ্রি ইন্টারনেট সেবার আওতায় আসবেন। পর্যায়ক্রমে বাগেরহাট জেলা জুড়ে ৯০টি স্থানে ফ্রি ওয়াইফাই সেবা স্থাপন করা হবে। এই সেবা ব্যবহার করতে কোনো ধরনের পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। সকল শ্রেণি-পেশার মানুষ সহজেই এটি ব্যবহার করতে পারবেন।
স্থানীয় আটো চালাক আব্দুল করিম বলেন, অনেক সময় যাত্রী না থাকলে বসে থাকি। তখন মোবাইলে ইন্টারনেট থাকলে দেশ বিদেশের খবর জানতে পারবো। ফ্রি সেবায় হলে আমাদের মতো মানুষের অনেক উপকার হবে। দোকানদার শহিদুল ইসলাম বলেন, অনলাইন লেনদেন, বিকাশ-নগদের কাজ সবই এখন ইন্টারনেট নির্ভর। দোকানে বসেই ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারলে সময় আর খরচ দুটোই বাঁচবে। উদ্বোধনী অনুষ্ঠানে মেহেদী হাসান প্রিন্স বলেন,আজকের দিনে ইন্টারনেট আর বিলাসিতা নয়, এটা মৌলিক প্রয়োজন। শিক্ষার্থী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সবার জন্য ইন্টারনেট দরকার। সেই চিন্তা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। বাগেরহাটকে ধাপে ধাপে একটি ডিজিটাল জেলার দিকে এগিয়ে নিতে চাই। জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের এই ইন্টারনেট সেবা পৌঁছে যাবে হবে আশা করছি।