নিজস্ব প্রতিবেদক. ৮দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
এর আগে গত রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এখন থেকে চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে কেন্দ্রটি।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ত্রুটি দেখা দেওয়ার পর দ্রুত তা সমাধানের চেষ্টা করা হয়।আমরা সবসময় চেষ্টা করি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে।
বর্তমানে দ্বিতীয় ইউনিট থেকে ৩৭১ মেগাওয়াট ও প্রথম ইউনিটটি থেকে ৬৫৮ মেগাওয়াট উৎপাদন বিদ্যুৎ জাতীয় গ্রীডে যাচ্ছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) এর মধ্যে চুক্তি সই হয়। চুক্তির আওতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) গঠন করা হয়।