নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাট দশানী ট্রাফিক মোড় সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের এর সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মোঃ আছাদ ফকির (৩৯), জাহিদ ফকির (৪৪) বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদ ফকিকের ছেলে ও জুবায়ের হোসেন (১৮) একই গ্রামের মফিজ শেখের ছেলে।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, বাগেরহাট দশানী ট্রাফিক মোড় সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী এসপি গ্রীনলাইন পরিবহন থেকে ১০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করেন। নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।