নিজস্ব প্রতিবেদক. শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করা ও বিকাশের সুযোগ তৈরি করতে শুরু হচ্ছে নতুন কুঁড়ি সিজন-২। এ আয়োজনে বাগেরহাট সদর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন থেকে মোট ২ হাজার ১৮৬ জন শিশু-কিশোর নিবন্ধন করেছে। এর মধ্যে ১ হাজার ৪০৯ জন কিশোর এবং ৭৭৭ জন কিশোরী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি সিজন-২-এর উদ্বোধন করবেন। এ উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন বীথি বলেন, নতুন কুঁড়ির মূল লক্ষ্য শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিকাশের সুযোগ তৈরি করা। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বাড়বে। আমরা চাই, প্রতিটি ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিভাবান শিশুরা এ আয়োজনে অংশ নিক। কোনো শিশু যেন সুযোগের অভাবে তার প্রতিভা বিকাশ থেকে পিছিয়ে না থাকে। তিনি আরও বলেন, এ আয়োজন সফল করতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।