বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান প্রমুখ।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুধু অভিযান পরিচালনা নয়, একই সাথে তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। আইন প্রয়োগ ও সামাজিক এসব উদ্যোগের মাধ্যমে মাদকের বিস্তার কমে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। খেলাধুলা সেই আন্দোলনের শক্তিশালী মাধ্যম হতে পারে।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, খেলাধুলা চরিত্র গঠন, শারীরিক গঠন ও মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি জাতিকে ধ্বংস করার জন্য মাদকই যথেষ্ট। আমরা সম্মিলিতভাবে মাদককে প্রতিহত করতে পারি। একটি এলাকায় বা সমাজের মধ্যে কারা মাদক বিক্রি করে ও মাদক ব্যবহার করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।