মোল্লাহাট প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাটে রহিমা আক্তার (২০) নামের এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বামী সোহেল শেখের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে রহিমা আক্তারকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
আহত রহিমা আক্তার অভিযোগ করে বলেন, স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আমি ৬ বছরের একমাত্র ছেলেকে গত দুই বছর ধরে বাবার বাড়ি তেরখাদা উপজেলার রামমাঝি গ্রামে থাক ছিলাম।মাঝে মধ্যে আমার বাবার বাড়িতে যেতেন। তিনি আরও জানান, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য জন্ম সনদ প্রয়োজন হওয়ায় দুপুরে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে যাই। জন্ম সনদ তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে তার স্বামী ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত স্বামী ভ্যানে পালিয়ে যান।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত নারীর শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১০টি কোপের জখম রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##