নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের শরণখোলায় ধানসাগর ইউনিয়নের রতিয়া জাপুর গ্রামে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে ২ জনকে আটক করেছে জেলা পুলিশ। সোমবার (৪ মে) সকালে রবিন ঢালীর (৪৫) বসতবাড়িতে হামলার এ ঘটনা ঘটে। তবে এ ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত মূলক তথ্য ছড়িয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া জাপুর গ্রামের রবিন ঢালী (৪৫) ও পার্শ্ববর্তী প্রতিবেশী মোঃ সোবহান হাওলাদারের (৬০) মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ ছিল। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সোবহান হাওলাদার তার পরিবারের সদস্যসহ স্থানীয় কিছু সংখ্যক লোকজন নিয়ে রবিন ঢালীর বাড়িতে অতর্কিতভাবে আক্রমণ করে। পরে ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল হতে চলে যায় তারা। উক্ত ঘটনায় রবিন ঢালী বাদী হয়ে সোবহান হাওলাদারসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে৩০ জনের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। হামলার খবর পেয়ে তাৎক্ষণিক শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে বাগেরহাটের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. হাছান চৌধুরী বলৈন, ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ০২ (দুই) জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। অন্য আসামীদের আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।