শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে  বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল স্বাস্থ্যসেবা  বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ

রিপোর্টার- / ২০৬ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. দাউ দাউ আগুন, চারদিকে আতঙ্ক। ১১ হাজার কেভি বৈদ্যুতিক খুঁটির ওপরে দগ্ধ অবস্থায় ঝুলছেন এক ইলেকট্রিশিয়ান। নিচে উৎকণ্ঠিত মানুষের ভিড়। ঠিক সেই মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে যান ফায়ার ফাইটার আব্দুল আলীম শেখ। মৃত্যুভয় উপেক্ষা করে শুরু করেন উদ্ধার অভিযান। শেষ পর্যন্ত মাটিতে নামিয়ে আনা হয় ওই কর্মীকে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের এই সাহসী ফায়ার ফাইটার একের পর এক দুঃসাহসিক উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নিয়ে স্থানীয় মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।  ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কর্মজীবনে আব্দুল আলীম প্রায় ২০০টি উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নিয়েছেন। এর মধ্যে বেশ কয়েকটি অভিযানে তার সাহসিকতা ও পেশাগত দক্ষতা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।  ২০২০ সালে বরগুনার আমতলী উপজেলার পাশে প্রায় ২৫০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারে তিন দিন আটকে থাকা এক কিশোরকে জীবিত উদ্ধারে অংশ নেন তিনি। দীর্ঘ সময়ের ঝুঁকিপূর্ণ ওই অভিযানে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সাহসিকতার সঙ্গে।

২০২৫ সালের ২৮ জুলাই ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় খাদে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের ভেতর আটকে থাকা চালককে জীবিত উদ্ধারের ঘটনাও স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রত্যক্ষদর্শী আজমল শেখ বলেন, “চালককে জীবিত বের করে আনতে দেখে আমরা অবাক হয়ে যাই। আব্দুল আলীম শেখ ওভাবে ঝুঁকি না নিলে মানুষটাকে বাঁচানো যেত না।”

এছাড়া উপজেলার শুকদাড়া এলাকায় ১১ হাজার কেভি বৈদ্যুতিক খুঁটির ওপরে আগুনে দগ্ধ এক ইলেকট্রিশিয়ানকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেন তিনি।  ২০২৫ সালের ১৯ জানুয়ারি খাজুরার একটি তুলা কারখানা ও সংলগ্ন গুদামে ভয়াবহ অগ্নিকা সময় আগুন নিয়ন্ত্রণ ও শ্রমিক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। একই বছরের ১১ মার্চ ফকিরহাট গফ্ফার সুপার মার্কেটে আগুন লাগলে দোকানের শাটার খুলতে গিয়ে ‘ব্যাক ড্রাফট-এর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তখন অন্যরা পিছিয়ে গেলেও সামনে এগিয়ে যান আব্দুল আলীম। তার কারিগরি দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্তে সহকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোটি টাকার সম্পদ রক্ষা পায়।

এছাড়া ২০২৫ সালের ১২ এপ্রিল উপজেলার সাউথ ইস্ট সিরামিকস লিমিটেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায়ও তিনি সামনে থেকে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে অংশ নেন।  চট্টগ্রামে ইউএস আর্মিদের পরিচালিত ফার্স্ট এইড প্রশিক্ষণপ্রাপ্ত আব্দুল আলীম মানব সেবাকেই নিজের জীবনের প্রধান লক্ষ্য বলে মনে করেন।

ফায়ার ফাইটার আব্দুল আলীম শেখ বলেন, “দুর্যোগ ও দুর্ঘটনায় মানুষের জীবন ও সম্পদ রক্ষার লক্ষ্য নিয়েই এই মহান পেশায় যোগ দিয়েছি। মানুষের বিপদ দেখলে ভেতর থেকে এক ধরনের শক্তি অনুভব করি। কারও জীবন বাঁচাতে পারলে মানসিক শান্তি পাই। মানুষের কৃতজ্ঞতার হাসিই আমার সবচেয়ে বড় পুরস্কার।”

ফকিরহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. শাজাহান মিয়া বলেন, “আব্দুল আলীম শেখ আমাদের প্রথম সারির ফায়ার ফাইটারদের একজন। কোনো দুর্ঘটনা ঘটলেই সে সবার আগে এগিয়ে যায়। বিভিন্ন উদ্ধার সরঞ্জাম পরিচালনায় সে অত্যন্ত দক্ষ। জটিল ও ঝুঁকিপূর্ণ বহু অভিযানে তাকে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখেছি। আমাদের টিমে সে ভরসার নাম হয়ে উঠেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ