নিজস্ব প্রতিবেদক. জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, বাগেরহাটে কৃষক দলের সভাপতি বাদল মোড়ল হত্যাকাণ্ডের বিচার হবে। হত্যাকারী যে দলের বর্ণেরই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটা হত্যাকান্ডের বিচার বাংলার মাটিতে হবে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া গ্রামে ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়ল হত্যাকাণ্ডের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা শাসন কায়েম করার জন্য দেশের সাংবিধানিকভাবে পরিচালিত করার জন্য ইতিপূর্বে যারা জীবন দিয়েছে প্রত্যেকটি হত্যাকান্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদির অধীনে ছিলাম, আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতাকে খর্ব করা নয়, আমার মৌলিক অধিকার হরণ করা নয়, স্বাধীনতা মানে কোন রাজনৈতিক হত্যাকান্ড নয়।
নেতাকর্মীর উদ্দেশ্য তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছেন শুধু জনকল্যাণের ভাগ্যের পরিবর্তন করার জন্য। তাই যার যার অবস্থান থেকে সকলে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনায় সহযোগিতা কামনা করেন তিনি।
বাগেরহাট জেলা কৃষকদলের সভাপতি আসাফুদ্দৌলা জুয়েলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বযক এম এ সালাম, ছাত্রনেতা রফিকুল ইসলাম সহ দলীয় নেতা কর্মীরা।
০৯ জুন রাতে বারুইপাড়া থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাট যাওয়ার পথে নিয়তির মাঠ এলাকায় দূর্বৃত্তের হামলায় নিহত হয় কৃষক দল নেতা বাদল মোড়ল। বুধবার (১০ জুন)বিকেলে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত কৃষকদল নেতা বাদলের দাফন সম্পন্ন হয়।